হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হল না। সোমবার এই যাত্রা রাজহাট মোড়ে পৌঁছলেও সেখানে প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় রথ থামানো হয়নি। ফলে আগে থেকে তৈরি করা সভামঞ্চ ব্যবহারই করা গেল না। এই ঘটনায় কিছুটা হতাশ হয়ে পড়েন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা।
কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে বিজেপির এই কর্মসূচির সূচনা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই সভায় ভিড় নিয়ে বিরোধীদের মধ্যে নানা মন্তব্য শোনা যায়। অভিযোগ ওঠে, দূরদূরান্ত থেকে বাসে করে লোক আনা হলেও বেশিরভাগ গাড়িই প্রায় খালি ছিল। এরপর থেকেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ তেমন সাড়া পাচ্ছে না।
সোমবার হুগলি সাংগঠনিক জেলায় এই যাত্রার তৃতীয় দিন ছিল। পরিকল্পনা অনুযায়ী সকালে পান্ডুয়া থেকে যাত্রা শুরু হয়ে মহানাদ পেরিয়ে পোলবার রাজহাট মোড়ে পৌঁছানোর কথা ছিল। সেখানে একটি ছোট সভার আয়োজন করা হয়েছিল। এলাকার বিভিন্ন জায়গায় দলের পতাকা লাগানো হয় এবং আগে থেকেই একটি মঞ্চ তৈরি করে রাখা হয়। মাইকিং করে কর্মসূচির প্রচারও চলছিল। সকাল থেকেই কয়েকজন বিজেপি কর্মী সেখানে উপস্থিত হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সভায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে পরিবর্তন যাত্রার গাড়ি সেখানে পৌঁছায়। তখন দেখা যায়, মঞ্চের আশেপাশে খুব অল্পসংখ্যক মানুষ উপস্থিত আছেন। সেই পরিস্থিতি দেখে যাত্রার গাড়িগুলি না থেমেই সোজা সিঙ্গুরের দিকে রওনা দেয়।
এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে হতাশা দেখা যায়। পোলবার এক কর্মী পূর্ণিমা মুর্মু জানান, সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যাত্রা পৌঁছানোর কথা ছিল, কিন্তু দেরি হওয়ায় কর্মসূচি আর করা সম্ভব হয়নি। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজহাট পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাল্লাম আলির দাবি, এলাকায় বিজেপির সংগঠন খুব শক্তিশালী নয়। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে বলেই সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে।
তবে বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, কর্মীরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের থেকে অনেক দেরি হওয়ায় সভা আর করা যায়নি। ফলে আগেই তৈরি করা মঞ্চ ব্যবহার না করেই পরিবর্তন যাত্রা সেখান থেকে অন্যত্র চলে যায়।


