মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ না মেলায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকায়। নিখোঁজ ওই যুবকের নাম চাঁদ আলি। কাজের সন্ধানে কয়েক দিন আগে তিনি ছত্তিশগড়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, সেখানে পৌঁছনোর পরদিন থেকেই তার সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।চাঁদ আলির বাবা মজিবুর সেখ জানান, ছেলের সঙ্গে নিয়মিত ফোনে কথা হত। কিন্তু ছত্তিশগড়ে যাওয়ার পর হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো কাজের চাপে যোগাযোগ করতে পারছে না। কিন্তু দিন কেটে গেলেও কোনও খবর না পাওয়ায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। পরিবারের সদস্যরা জানান, ছেলের সন্ধান পেতে তারা বহু জায়গায় যোগাযোগ করেছেন। পরিচিতদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত চাঁদ আলির কোনও হদিশ মেলেনি। এতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ঈদ আসন্ন, এই সময় ছেলের কোনও খবর না পাওয়ায় ঘরে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা।গ্রামের মানুষও বিষয়টি নিয়ে চিন্তিত। কেউ কেউ আশঙ্কা করছেন, চাঁদ আলির সঙ্গে কোনও অঘটন ঘটেছে কি না। তাই দ্রুত তার সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি উঠেছে।এদিকে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের অভিযোগ, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার অনেক শ্রমিককে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। কোথাও কোথাও ভাষা বা পরিচয়ের কারণেও তাদের হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে চাঁদ আলির নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত তদন্ত করে যুবকের খোঁজ বের করা হোক।
Popular Categories

