উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা এলাকায় গরু পাচারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের বচসা বাধে বলে জানা গেছে।
গ্রামের বাসিন্দাদের দাবি, সীমান্ত লাগোয়া এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া পার করে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অভিযোগ, কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে নিয়মিত এই কাজ করছে। এর ফলে আশপাশের জমিতে চাষ করা ফসলের ক্ষতি হচ্ছে।
স্থানীয় এক কৃষক জানান, রবিবার সকালে তিনি নিজের জমিতে কাজ করতে গিয়ে দেখেন কয়েকটি গরু তার ভুট্টার ক্ষেতে ঢুকে পড়েছে এবং ফসল নষ্ট করছে। তার অভিযোগ, সেই সময় বিএসএফ সদস্যরা এলাকাতেই উপস্থিত ছিলেন। ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে এক জওয়ান তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও তিনি দাবি করেছেন। পরে তিনি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেন।আরেক কৃষক বলেন, বহু বছর ধরেই এলাকায় এমন সমস্যা চলছে। দ্রুত কঠোর নজরদারি না বাড়ালে কৃষকদের আরও ক্ষতির মুখে পড়তে হবে।

