মালদ্বীপ থেকে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে কয়েক দফায় সে দেশে মোতায়েন সেনাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত।
তবে ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান মালদ্বীপ সরকার রেখে দেবে। শুক্রবার নয়াদিল্লিতে ভারত ও মালদ্বীপের কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকের পর মালদ্বীপ সরকারের পক্ষে দেওয়া এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কোর কমিটির তৃতীয় দফা বৈঠক ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত।
মালদ্বীপের প্রত্যন্ত এলাকায় অত্যাবশ্যক চিকিৎসাসামগ্রী, খাদ্য ও পণ্য সরবরাহ, চিকিৎসার প্রয়োজনে দুর্গত ও গুরুতর অসুস্থদের রাজধানী মালেতে নিয়ে আসতে হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। মালদ্বীপে এরকম তিনটি হেলিকপ্টার ও বিমান রক্ষণাবেক্ষণের জন্য সে দেশে ৮৮ জন ভারতীয় সেনাসদস্য রয়েছেন।
নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেই সেনাদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছেন। ১৫ মার্চ সেনা প্রত্যাহারের সময়সীমাও নতুন সরকার ধার্য করে দিয়েছিল। মুইজ্জু ভোটে জেতেন ‘আউট ইন্ডিয়া’ স্লোগান দিয়ে।
সেনা প্রত্যাহার ইস্যুতে মালদ্বীপের সাথে ভারতের উত্তেজনা চরমে উঠে। সামাকি যোগাযোগমাধ্যমে মালদ্বীপকে বর্জনের ডাকও দেওয়া হয়েছে। এর আগে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেটি এখন পঞ্চম স্থানে নেমে এসেছে।


