দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, কিছু জায়গায় ভোটার তালিকা প্রস্তুতের সময় মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়ছে বা বিচারাধীন তালিকায় রাখা হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও আসামের মতো রাজ্যগুলিতে এ ধরনের অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। তবে শুধু অন্য রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড় থেকেও একই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।দার্জিলিং পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনির নামে এক ব্যক্তির পরিবার এই অভিযোগ তুলেছেন। তার পরিবারের পাঁচজন সদস্যের নাম ভোটার তালিকায় রয়েছে বা বিচারাধীন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু তার মেয়ে তানিশা খাতুনের নাম বারবার আবেদন করার পরেও তালিকায় জায়গা পায়নি বলে দাবি পরিবারের।তানিশা বর্তমানে দার্জিলিং সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি জানান, ভোটার তালিকায় নাম তোলার জন্য তিনি তিনবার আবেদন করেছেন। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে তার আবেদন বাতিল হয়ে যায়। প্রথমবার আবেদন করার সময় প্রশাসনের নথিতে তার বাবার নাম ভুলভাবে উল্লেখ থাকায় সমস্যা তৈরি হয় বলে তিনি জানিয়েছেন।এরপর তিনি প্রয়োজনীয় সংশোধন করে আবার আবেদন করেন। কিন্তু দ্বিতীয়বারও তার নাম গ্রহণ করা হয়নি। সেই সময় আধার কার্ডে তথ্যের অসঙ্গতি দেখিয়ে আবেদন খারিজ করা হয় বলে অভিযোগ। পরে সব তথ্য ঠিক করে তৃতীয়বার আবেদন করা হলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।এই ঘটনার পর তানিশার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই এমনটা ঘটছে। পরিবারের দাবি, ইচ্ছাকৃতভাবে কিছু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হন। স্থানীয় কিছু সূত্রে জানা গেছে, দার্জিলিং পাহাড়ে বহু মানুষের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ উঠছে। ফলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।তানিশা খাতুনের কথায়, তিনি একজন ভারতীয় নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে চান। কিন্তু বারবার চেষ্টা করেও তার নাম তালিকায় না ওঠায় তিনি হতাশ। তার দাবি, সঠিক নথি জমা দেওয়ার পরও যদি নাম অন্তর্ভুক্ত না হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় কোথাও কোনও গাফিলতি বা বৈষম্য ঘটছে কি না। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়
Popular Categories


