মালদা মুসলিম ইন্সটিটিউট আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীতি কাটাতে একটি বিশেষ মক টেস্টের আয়োজন করেছে। মক টেস্টে মাধ্যমিকের সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরীক্ষা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
শনিবার এই টেস্টের উদ্বোধন করা হয় বাংলা বিষয় পরীক্ষার মাধ্যমে। উদ্বোধনী পরীক্ষায় উপস্থিত ছিলেন মক টেস্টের কো-অর্ডিনেটর অধ্যাপক কাওসার আনসার, মুসলিম ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট আবদুল মুইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়াসিমুল বারি ও সমাজকর্মী রসিদুর রহমান মিঞা।
মালদা শহরের বার্লো গার্লস হাইস্কুল, মালদা গার্লস হাইস্কুল, ললিতমোহন-শ্যামমোহিনী হাইস্কুল, যদুপুর কচিকাঁচা মিশন, জালালিয়া গার্লস হাইস্কুল এবং মালদা জিলা স্কুল সহ মোট ১২টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। বিশেষভাবে কচিকাঁচা মিশন থেকে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ইন্সটিটিউটের সেক্রেটারি ববি আহমেদ জানান, “মাধ্যমিক জীবন শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয় কোন পড়ুয়া বিজ্ঞান পড়বে, আর কে আর্টস্। তাই অনেক ছাত্রছাত্রী প্রথম থেকেই পরীক্ষা নিয়ে ভীত থাকে। সেই ভীতি দূর করতে মক টেস্ট আয়োজন করা হয়েছে।”


