আদালতের কোনও অনুষ্ঠানে ধর্মীয় আচার পালনের দিন শেষ হওয়া উচিত। সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতাকে অবশ্যই মেনে চলা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওক।
মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে আদালত ভবনের শিলান্যাস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পুজা-অর্চনার বদলে সংবিধানের প্রস্তাবনার প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া জরুরি। অনেক সময় বিচারকদের অপ্রীতিকর কথা বলতে হয়। আমি এখন সেই কাজটা করতে যাচ্ছি। আমি মনে করি, আদালতের অনুষ্ঠানে আমাদের পূজা-অর্চনা বন্ধ করতে হবে। তার পরিবর্তে, উচিত নত হয়ে সংবিধানের প্রস্তাবনাকে স্মরণ করা। সংবিধান যখন ৭৫ বছর পূর্ণ করবে, তার মর্যাদা বজায় রাখতে হবে এবং সেই কাজ শুরু করা উচিত এখন থেকেই।’’
তিনি আরো বলেন, সংবিধানের প্রস্তাবনায় থাকা ‘ধর্মনিরপেক্ষতা’ এবং ‘গণতন্ত্র’ শব্দ দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘বি আর অম্বেডকর আমাদের একটি আদর্শ সংবিধান তৈরি করে দিয়েছেন। আর সেই সংবিধানেই ধর্মনিরপেক্ষতার উল্লেখ রয়েছে। আমাদের আদালত-ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে থাকতে পারেন, কিন্তু তা পরিচালিত হয় সংবিধানের দ্বারা।’’


