দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার চেতলায় আয়োজিত এক কর্মসূচিতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঞ্চ থেকে তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না। তার অভিযোগ, এই সংস্থা কার্যত বিজেপির নির্দেশে চলছে এবং শাসক দলের স্বার্থে কাজ করছে।
ফিরহাদ হাকিম জানান, তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হল প্রশাসনের ভুল ও অসংগতি সাধারণ মানুষের সামনে তুলে ধরা। তিনি দাবি করেন, কমিশন বিভিন্নভাবে মানুষকে ভয় দেখাচ্ছে এবং ভোটারদের অধিকার খর্ব করার চেষ্টা করছে। মেয়রের কথায়, এই পরিস্থিতির উপযুক্ত জবাব দিতে তৃণমূল কংগ্রেস জানে এবং সময় এলে তা দেবে।
ভোটার তালিকা সংশোধনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নতুন নির্দেশ জারি করে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। নাগরিকত্ব প্রমাণের প্রশ্নে তিনি বলেন, সাধারণ নাগরিকদের বারবার প্রমাণ দিতে বাধ্য করা অন্যায়। বরং নির্বাচন কমিশনেরই উচিত স্পষ্ট করা, কোন ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়েও সরব হন ফিরহাদ। তার দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্প সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারই ঠিক করবে বাংলায় কোন সামাজিক প্রকল্প চলবে এবং মানুষের স্বার্থ কীভাবে রক্ষা করা হবে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে মেয়র বলেন, বাংলায় রাজনৈতিক লক্ষ্য স্থির করে দেওয়ার অধিকার কেন্দ্রের নেই। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে। ভিন রাজ্যে বাংলা বললেই মারধরের ঘটনায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অন্য ঘটনায় নৈতিকতার কথা বলেছিল, তারাই আজ অভিযুক্তদের সমর্থন করছে। পাশাপাশি, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে অর্থের বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন।


