আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে অভয়া নামটি রাজ্য রাজনীতিতে বারবার উঠে এসেছে। অভয়ার সুবিচারের দাবিতে এক সময় পথে নেমেছিল বিরোধী বিজেপি। তবে সাম্প্রতিক সময়ে অভয়ার পরিবারের সঙ্গে বিজেপির দূরত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভয়ার বাবা।
তিনি স্পষ্ট করে জানান, রাজনৈতিক কোনও প্রস্তাবে রাজি না হওয়াতেই বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক ধীরে ধীরে আলগা হয়েছে। তার কথায়, “আমরা কখনও চাইনি এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার বানানো হোক। যে দলই আমাদের রাজনৈতিক প্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গেই দূরত্ব রেখেছি।” তিনি আরও জানান, বিজেপি ছাড়াও অন্য দল থেকেও তাদের নির্বাচনে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। এমনকি উপনির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাবও এসেছিল। কিন্তু প্রতিবারই তারা তা ফিরিয়ে দিয়েছেন।
সূত্রের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে অভয়ার মা অথবা বাবাকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সেই প্রস্তাবে সম্মতি না মেলায় ধীরে ধীরে যোগাযোগ কমতে থাকে। গত বছর আগস্ট মাসে নবান্ন অভিযানের পর থেকেই এই দূরত্ব আরও স্পষ্ট হয়। অভিযোগ, একবার ফোন পেয়ে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শেষ পর্যন্ত দেখা না পেয়ে ফিরে আসতে হয় অভয়ার বাবা-মাকে।
এই বিষয়ে অভয়ার বাবার বক্তব্য, তাদের লড়াই কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয়, আইনের পথে। তিনি বলেন, “আমরা জানি আদালতের মাধ্যমেই ন্যায় বিচার পেতে হবে। রাজনীতিতে জড়িয়ে পড়লে মূল লক্ষ্য থেকে সরে যেতে হয়, তাই আমরা সেই পথে হাঁটিনি।”
এদিকে চলতি মাসের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই ই-মেল পাঠিয়েছেন অভয়ার বাবা। যদিও তিনি জানিয়েছেন, দেখা হবে কিনা তা নিয়ে কোনও প্রত্যাশা করে বসে নেই পরিবার। আগেও সাক্ষাতের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি মিললে তবেই দেখা করতে যাবেন বলে জানিয়েছেন তিনি।


