ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে গণনা পর্যবেক্ষক (কাউন্টিং অবজার্ভার) নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কোন জেলায় কত জন পর্যবেক্ষক থাকবেন, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
আগামী সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনে (ফলতা কেন্দ্র ব্যতীত) ভোটগণনা অনুষ্ঠিত হবে। যদিও শনিবার প্রকাশিত তালিকায় ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই তালিকা অনুযায়ী রাজ্যজুড়ে মোট ৪৩২ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
পর্যবেক্ষক নিয়োগের নিরিখে সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে ৩৩টি আসনের জন্য ৪৯ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যা রাজ্যে সর্বাধিক। অন্যদিকে সবচেয়ে কম পর্যবেক্ষক নিয়োগ হয়েছে আলিপুরদুয়ার জেলায়—পাঁচটি আসনের জন্য রয়েছেন ছ’জন।
পর্যবেক্ষক সংখ্যায় দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক থাকার কথা। তবে ফলতা কেন্দ্রে ভোটগণনা না হওয়ায় বাকি ৩০টি আসনে কার্যত কত জন দায়িত্ব পালন করবেন, তা এখনও স্পষ্ট করেনি কমিশন।
এছাড়া—
- কলকাতা (উত্তর ও দক্ষিণ)-এর ১১টি আসনে পর্যবেক্ষক ১২ জন
- পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনে ২৬ জন
- নদিয়ায় ১৭টি আসনে ২৫ জন
- হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন
- হুগলিতে ১৮টি আসনে ২৪ জন
- মুর্শিদাবাদে ২২টি আসনে ৩৩ জন
- পশ্চিম বর্ধমানে ৯টি আসনে ১৮ জন
- পুরুলিয়ায় ৯টি আসনে ১৫ জন
- বাঁকুড়ায় ১২টি আসনে ১৫ জন
- বীরভূমে ১১টি আসনে ১২ জন
- কোচবিহারে ৯টি আসনে ১১ জন
- দার্জিলিঙে ৫টি আসনে ১০ জন
- দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনে ৭ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য আরও ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে এই অতিরিক্ত পর্যবেক্ষকেরা আগে থেকেই নিযুক্ত আধিকারিকদের সহযোগিতা করবেন।
গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের জন্য এক জন করে পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। তাঁদের কাজ হবে গণনাকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই পুলিশ পর্যবেক্ষকেরা গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না।
ভোটের ফল ঘোষণাকে ঘিরে গোটা দেশের নজর এখন বাংলায়। সেই পরিস্থিতিতে গণনাপর্ব শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন।


