ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোটগণনার সময় হঠাৎ উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি রীতিমতো অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, গণনাকেন্দ্রের ভেতরেই তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী—নোয়াপাড়ার তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বীজপুরের সুবোধ অধিকারীর উপর হামলা চালানো হয়। তৃণমূলের দাবি, বিজেপির কর্মী-সমর্থকরাই এই ঘটনায় জড়িত এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই মারধর ঘটে।
আক্রান্তদের বক্তব্য অনুযায়ী, গণনার মাঝেই তাঁদের উপর চড়াও হওয়া হয়। সুবোধ অধিকারীর মুখে চোট লাগে এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণাঙ্কুর ভট্টাচার্যও দাবি করেন, তাঁর গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে দেওয়া হয়েছে এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, উত্তর ব্যারাকপুর এলাকায় ফল তাদের পক্ষে যেতে শুরু করতেই এই আক্রমণ চালানো হয়। অন্যদিকে, বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দুই ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের একাধিক জেলায় ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি জেলাগুলিতে ভোট হয়। দুই দফাতেই ভোটদানের হার ছিল নজরকাড়া।


