গলায় গেরুয়া উত্তরীয়, মাথায় গেরুয়া ফেট্টি, উড়ছে আবির— ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর এলাকা। কিন্তু সেই বিজেপির বিজয় মিছিল ঘিরেই ছড়াল তীব্র সংঘর্ষ। পশ্চিম বর্ধমানের অন্ডালের সঁকরা গ্রাম এলাকায় বিজেপির নামে বের হওয়া একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে ‘আদি’ ও ‘নব্য’ বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শুক্রবার দুপুরে যে বিজয় মিছিল বের হয়, তার বিষয়ে তাঁদের কোনও পূর্ব ধারণাই ছিল না। অভিযোগ, কিছু ব্যক্তি বিজেপির পতাকা হাতে হঠাৎ মিছিল বের করেন। কার নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে চাইতেই শুরু হয় বাক্বিতণ্ডা, যা দ্রুত মারামারিতে গড়ায়।
স্থানীয় নেতৃত্বের দাবি, যাঁরা মিছিল করেছেন তাঁদের অনেকেই আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর বিজেপির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই তাঁরা বিজেপির নাম ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠে। যদিও মিছিলের উদ্যোক্তারা নিজেদের দীর্ঘদিনের বিজেপি কর্মী বলেই দাবি করেছেন।
বিজেপির এক মণ্ডল সভাপতির অভিযোগ, তৃণমূলের কর্মীরাই রাতারাতি বিজেপির পতাকা হাতে বিজয় মিছিল বের করেছিলেন। প্রতিবাদ করতে গিয়েই তাঁদের উপর হামলা হয় বলে দাবি। বিজেপির যুবনেতা প্রিয়াংশু রায় জানান, ২০২১ সালে যাঁরা তাঁদের উপর অত্যাচার করেছিলেন, তাঁরাই এখন বিজেপির নামে মিছিল করছেন। ঘটনায় তিনজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, গন্ডগোলের সময় তিনজনকে আটক করা হয়েছে।
অন্ডাল এলাকার বিজেপি মণ্ডল সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন, “বিজয় মিছিল হচ্ছে অথচ আমিই জানি না! প্রতিবাদ করতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। পুলিশে অভিযোগ জানানো হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।


