স্কুলে হাজিরা দেওয়ার সময় ‘ইয়েস স্যার’-এর বদলে ‘জয় শ্রী রাম’ বলার প্রস্তাব ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক জি জনার্ধন রেড্ডি প্রকাশ্যে এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, গঙ্গাবতী কেন্দ্রের বিধায়ক রেড্ডি বলছেন, স্কুলে শিক্ষক যখন ছাত্রছাত্রীদের নাম ধরে ডাকবেন, তখন ইংরেজিতে ‘ইয়েস স্যার’ না বলে ‘জয় শ্রী রাম’ বলা উচিত। এই প্রস্তাব প্রথম সামনে এনেছিলেন বিজেপির প্রাক্তন নেতা বাসনগৌড়া পাটিল ইয়াতনাল। রেড্ডি সেই বক্তব্যকে “খুব ভালো প্রস্তাব” বলে উল্লেখ করেন এবং জানান, তিনি এই দাবিকে “শতভাগ সমর্থন” করছেন।এই মন্তব্য সামনে আসতেই কর্ণাটকের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, শিক্ষার পরিবেশে ধর্মীয় স্লোগান আনার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, স্কুল এমন একটি জায়গা যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করে। সেখানে কোনও নির্দিষ্ট ধর্মের স্লোগান বাধ্যতামূলক করার মতো পরিস্থিতি তৈরি হলে তা সমাজে বিভাজন বাড়াতে পারে।অন্যদিকে বিজেপির একাংশের মতে, ‘জয় শ্রী রাম’ একটি সাংস্কৃতিক অভিব্যক্তি এবং এতে আপত্তির কিছু নেই। তাদের বক্তব্য, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত শব্দ ব্যবহার করলে তাতে সমস্যা হওয়ার কথা নয়।এই বিতর্কের পেছনে রয়েছে কর্ণাটক সরকারের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত। গত ১৩ মে রাজ্য সরকার ২০২২ সালের সেই নির্দেশিকা বাতিল করে দেয়, যেখানে শ্রেণিকক্ষে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত স্কুল ইউনিফর্মের পাশাপাশি ছাত্রছাত্রীরা সীমিত পরিসরে নিজেদের ধর্মীয় বা প্রথাগত চিহ্ন ব্যবহার করতে পারবে।সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে মুসলিম সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ। অন্যদিকে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলেছে, যদি হিজাব পরার অনুমতি দেওয়া হয়, তাহলে হিন্দু ধর্মীয় পরিচয়ের প্রতীক ব্যবহারের ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় পরিচয় এবং রাজনীতিকে ঘিরে কর্ণাটকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দিনে আরও রাজনৈতিক তরজা বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
স্কুলে হাজিরার সময় ‘ইয়েস স্যার’ নয়, বলতে হবে ‘জয় শ্রী রাম’! বললেন কর্নাটকের বিজেপি বিধায়ক রেড্ডি
Popular Categories


