Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

ফলতায় ঝুঁকলো ‘পুষ্পা’! জনগণের আস্থায় দ্বিতীয় স্থানে সিপিএম, চতুর্থ তৃণমূল

ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগেই কার্যত ময়দান ছেড়ে দেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। আর সেই শূন্যস্থানকে কাজে লাগিয়ে একদিকে যেমন বিজেপি একতরফা আধিপত্য কায়েম করেছে, অন্যদিকে তেমনই দীর্ঘদিনের রাজনৈতিক খরা কাটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসে নতুন সমীকরণের ইঙ্গিত দিল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনার ফলতার ভোটগণনার ছবি এখন বাংলার রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ১৬ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী তথা আইনজীবী দেবাংশু পণ্ডা পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ২৭০ ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি, তাঁর প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৮৭৩। কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ৯ হাজার ২৮৪ ভোট। আর তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঝুলিতে গেছে মাত্র ৫ হাজার ৩১৯ ভোট।

এই ফলাফল ঘিরে এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন—তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা এবং ভাঙনের সুযোগ নিয়েই কি আবার ধীরে ধীরে বাংলার মাটিতে নিজেদের হারানো জমি ফিরে পাচ্ছে বামেরা?

এক সময় দক্ষিণ ২৪ পরগনা, বিশেষ করে ডায়মন্ড হারবার অঞ্চলকে তৃণমূলের অপ্রতিরোধ্য দুর্গ হিসেবে তুলে ধরা হত। দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘ডায়মন্ড হারবার মডেল’-এর সাফল্যের কথা বারবার প্রচার করেছেন দলের নেতারা। বিরোধীশূন্য রাজনীতি, বিপুল ভোটে জয় এবং সাংগঠনিক দাপট ছিল সেই মডেলের মূল ভিত্তি। কিন্তু ফলতার এই ফলাফল সেই ধারণাকেই বড় ধাক্কা দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

বিশেষভাবে নজর কেড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দূরত্ব বজায় রাখা। ভোট পিছিয়ে পড়ার পর আর প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে জাহাঙ্গির খানের ময়দান ছেড়ে দেওয়া এবং নেতৃত্বের এই কৌশলগত নীরবতাকেই কাজে লাগিয়েছে বামেরা বলে মত রাজনৈতিক মহলের।

বিশ্লেষকদের মতে, নেতৃত্বহীন হয়ে পড়া তৃণমূলের একাংশ কর্মী-সমর্থক এবং ঐতিহ্যগত শাসকবিরোধী ভোট এবার সিপিএমের দিকে ঝুঁকেছে। তার ফলেই কংগ্রেস এবং তৃণমূলকে বহু পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে বামেরা।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য রাজ্যে শূন্য হয়ে গিয়েছিল বামফ্রন্ট। পরবর্তী লোকসভা নির্বাচনেও সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকলে মোস্তাফিজুর রহমানের জয় বামেদের দীর্ঘ সাত বছরের খরা কাটায়। ফলতার ফল সেই পরিবর্তনের ধারাবাহিকতাকেই আরও স্পষ্ট করল বলে মনে করা হচ্ছে।

যদিও বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান এখনও অনেকটাই বেশি, তবুও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএমের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের ভোটব্যাঙ্কের একটি বড় অংশ একসময় বামেদেরই সমর্থক ছিল। পরিবর্তনের হাওয়ায় সেই ভোট তৃণমূলের দিকে গেলেও এখন দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক দুর্বলতায় ক্ষতিগ্রস্ত শাসকদলের প্রতি মানুষের আস্থা কমছে।

একইসঙ্গে বিজেপির ক্রমবর্ধমান আগ্রাসী রাজনীতির মাঝখানে একাংশ ভোটার আবারও বিকল্প হিসেবে বামপন্থাকেই দেখতে শুরু করেছেন বলেও মত পর্যবেক্ষকদের। ফলতার ভোটের ফল তাই শুধুই একটি কেন্দ্রের নির্বাচনী পরিসংখ্যান নয়, বরং তা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের দিকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories