মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পেয়ারে খানকে ঘিরে বিতর্ক এবার নতুন মোড় নিল। তাঁর নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি। নাগপুরে গাদকারির বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছে তারা। সংগঠনগুলির অভিযোগ, গাদকারির রাজনৈতিক সমর্থনেই সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে বসেছেন পেয়ারে খান। সেই কারণেই এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে তারা।নাগপুরের পরিচিত ব্যবসায়ী পেয়ারে খান মূলত পরিবহণের ব্যবসার সঙ্গে যুক্ত। তবে করোনা মহামারির সময় তাঁর কাজের জন্য বিশেষ পরিচিতি তৈরি হয়েছিল। সেই সময় হাসপাতালগুলিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে নাগপুরের বিভিন্ন হাসপাতালে প্রায় ৪০০ টন অক্সিজেন পৌঁছে দিয়েছিলেন তিনি। এই কাজে তাঁর খরচ হয়েছিল প্রায় ৮৫ লক্ষ টাকা। পরে সরকার ওই টাকা ফেরত দিতে চাইলেও তা নিতে রাজি হননি পেয়ারে। এই কাজের জন্যই তিনি ‘অক্সিজেন ম্যান’ নামে পরিচিতি পান।২০২৪ সালে মহারাষ্ট্র সরকার পাঁচ বছরের জন্য তাঁকে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে। তবে তাঁর এই নিয়োগ নিয়ে শুরু থেকেই সংঘ পরিবারের একাংশের আপত্তি ছিল। এবার নাসিক সেন্ট্রাল জেলে তাঁর যাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, জেলে গিয়ে গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে দেখা করেছিলেন পেয়ারে খান। এমনকী, সালেমের মুক্তির পক্ষেও তিনি সওয়াল করেছেন বলে দাবি সংগঠনটির। এই অভিযোগ সামনে আসার পর থেকেই পেয়ারে খানের পদত্যাগের দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য সামনে আসেনি।এই বিতর্কের মধ্যেই প্রতিবাদের নিশানায় উঠে এসেছেন নীতিন গাদকারি। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, গাদকারির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েই পেয়ারে খান নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে পেরেছেন। তাই শুধু সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো নয়, তাঁকে নিয়োগের নেপথ্যে কারা রয়েছেন, সেই প্রশ্ন তুলে গাদকারির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চায় তারা।উল্লেখ্য, নাগপুরের মহল এলাকায় অবস্থিত নীতিন গাদকারির বাসভবন ‘গাদকারি ওয়াডা’। ওই এলাকাতেই রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর। ফলে সংঘ পরিবারের সঙ্গে যুক্ত সংগঠনগুলির এই কর্মসূচি ঘিরে নাগপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পেয়ারে খানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার বিজেপির শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ মুখকে ঘিরে কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।
মহারাষ্ট্রের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিতর্ক, নাগপুরে নীতিন গাদকারির বাড়ির সামনে বিক্ষোভের ডাক বিশ্ব হিন্দু পরিষদের
Popular Categories


