‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তদন্তে সহযোগিতা না করে বারবার আলাদা মামলা করা ঠিক নয়। তিনি সতর্ক করে জানান, প্রয়োজন হলে আদালতের দেওয়া সুরক্ষা তুলে নেওয়া হতে পারে। এমনকি মামলা খারিজ করে জরিমানাও করা হতে পারে।
এরপরই অভিষেকের পক্ষের আইনজীবী কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে করা মামলাটি প্রত্যাহার করে নেন। আদালতে জানানো হয়, আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে গিয়ে অভিষেক ভয়েস স্যাম্পল দেবেন।
এই মামলায় আগে সিআইডির ডাকে হাজির হলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তি জানিয়েছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, তিনি নিজেই স্বীকার করেছেন যে ওই মন্তব্য তাঁর, তাই আলাদা করে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রয়োজন নেই।
শুনানির সময় বিচারপতি বলেন, আদালতের দেওয়া সুরক্ষার অন্যতম শর্ত ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা। সেই দায়িত্ব এড়ানো যাবে না।
অভিষেকের আইনজীবী আদালতে আরও অনুরোধ করেন, ১৫ জুলাই নমুনা দিতে যাওয়ার সময় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষ করে তাঁর মক্কেলের দিকে কেউ ডিম বা অন্য কিছু না ছোড়ে, সেই নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান। আদালত জানায়, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ।


