বারাসতের পলতাডাঙার ১৬ বছরের কিশোর মুহাম্মদ সওয়ান হোসেন আবারও প্রমাণ করল নিজের প্রতিভা। কিছুদিন আগেই নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ জিতে তাক লাগিয়ে দিয়েছিল সে। দেশের বাইরে সেটাই ছিল তার প্রথম পদকজয়। এবার দেশের মাটিতে সেই সাফল্যকে আরও বড় করে তুলল সওয়ান। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ফাইটে সোনা ও কাতাতে রুপো জিতে নজর কেড়েছে সে। মাইকেলনগর শিক্ষানিকেতনের একাদশ শ্রেণির ছাত্র সওয়ান ফাইট বিভাগে নিজের প্রতিভা প্রদর্শন করে সোনার পদক অর্জন করে। এই সোনার মাধ্যমে নেপালে হাতছাড়া হওয়া স্বপ্ন এবার পূরণ করল সে।
তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে সওয়ানের সামনে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের ব্যবস্থা করা। পরিবারের পক্ষে খরচ জোগানো সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে বিডিও অফিসে আর্থিক সাহায্যের আবেদন জানাতে হয় তাকে। শেষ পর্যন্ত সেখান থেকে সাহায্য পেয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে সওয়ান। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা প্রতিযোগীরা। তাদের সকলকে হারিয়ে সওয়ান ফাইটে সোনা ও কাতাতে রুপো জিতে নজির গড়ল।


