আসন্ন ২৬ এর বিধানসভাকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে নতুন চমক আনতে চলেছে সিপিএম। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে উঠে আসছে এক তরুণ মুখ, আফরিন বেগম। বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকায় তাঁর নাম বালিগঞ্জ কেন্দ্র থেকে ঘোষিত হয়েছে।জানা গিয়েছে, আফরিন মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক। ছাত্রজীবন থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক নবাগত ছাত্রের মৃত্যুর ঘটনায় তিনি সক্রিয়ভাবে রাস্তায় নামেন এবং প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। সেই সময় থেকেই বাম ছাত্র রাজনীতিতে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এর সক্রিয় সদস্য হিসেবে তিনি বিভিন্ন ঘটনায় সরব থেকেছেন।দলীয় মহলের মতে, আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকায় মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর এবং সায়ন ব্যানার্জি এর মতো নাম রয়েছে। তাঁদের সঙ্গেই প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নামছেন আফরিন।সম্প্রতি নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও তাঁকে দেখা যায়। সেখানে তিনি দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর সঙ্গে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে তাঁর নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়।বালিগঞ্জ কেন্দ্রটি রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এবার এই আসনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে, যিনি আগে খড়দহ কেন্দ্রের বিধায়ক ছিলেন।সব মিলিয়ে বালিগঞ্জে এবারের লড়াই হতে চলেছে বেশ জমজমাট। একদিকে অভিজ্ঞ রাজনীতিক, অন্যদিকে নতুন প্রজন্মের মুখ—এই সমীকরণে ভোটের ফলাফল কোন দিকে যাবে, তা নিয়ে আগ্রহ বাড়ছে নানান মহলে।
যুব শক্তিতে বাজি সিপিএমের!এবার যাদবপুরের ছাত্রী আফরিন বেগমকেই প্রার্থী হিসেবে বেছে নিল বামফ্রন্ট!
Popular Categories


