ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি আবেদনের তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এই আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের সংবিধানে দেওয়া ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী।বোর্ডের মুখপাত্র এস.কিউ.আর ইলিয়াস সংবাদমাধ্যমকে জানান, নয়া নারী ফাউন্ডেশন নামক একটি সংস্থা সুপ্রিম কোর্টে এই আবেদন করেছে। ওই আবেদনে দাবি করা হয়েছে, ইসলামি উত্তরাধিকার আইন মুসলিম নারীদের সঙ্গে বৈষম্য করে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।ইলিয়াস বলেন, ভারতের সংবিধানের আর্টিকেল ২৫-এ বলা আছে, প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা দিয়েছে। তাই ধর্মীয় বিধানের ওপর এভাবে প্রশ্ন তোলা সংবিধানের মূল চেতনাকেই আঘাত করে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে বম্বে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলায় এ বিষয়ে স্পষ্ট মত জানিয়েছিল। আদালত বলেছিল, ব্যক্তিগত ধর্মীয় আইনকে সংবিধানের সাধারণ আইনের মতো করে বিচার করা যায় না। ফলে ইসলামি পারিবারিক আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো ভিত্তি নেই বলে বোর্ডের দাবি।ইলিয়াস আরও বলেন, কেউ কেউ দাবি করছেন যে ইসলামি উত্তরাধিকার আইন নাকি ধর্মের অপরিহার্য অংশ নয়। এই বক্তব্যও সঠিক নয় বলে দাবি করেন তিনি। তার মতে, মুসলিম পারিবারিক আইন মূলত কোরআন ও নবী মুহাম্মদের সুন্নাহ থেকে নির্ধারিত। তাই এগুলি মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে বাধ্যতামূলক।নারী-পুরুষ বৈষম্যের অভিযোগ নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন। তার কথায়, ইসলাম নারী ও পুরুষ উভয়কেই সমান মর্যাদা দিয়েছে। তবে তাদের দায়িত্ব ও ভূমিকা ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। সাধারণত পরিবারের ভরণপোষণ, বাসস্থান ও অন্যান্য খরচ বহনের দায়িত্ব পুরুষের ওপর থাকে। অন্যদিকে নারীদের নিজের আয় পরিবারের খরচে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে নিজেদের সম্পদ নিজের মতো ব্যবহার করতে পারেন।এছাড়া দেশের প্রধান বিচারপতির তরফে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতেও আপত্তি জানিয়েছে বোর্ড। ইলিয়াস বলেন, সংবিধানের আর্টিকেল ৪৪-এ বলা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ থাকলেও তা নির্দেশমূলক নীতি মাত্র। এটি বাধ্যতামূলক আইন নয় এবং কোনো সম্প্রদায়ের সম্মতি ছাড়া তা চাপিয়ে দেওয়া উচিত নয়।সবশেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে, ইসলামি উত্তরাধিকার আইনে পরিবর্তন আনার দাবি করা এই আবেদনটি যেন খারিজ করে দেওয়া হয়। বোর্ডের মতে, ধর্মীয় স্বাধীনতা ও সংবিধানের নীতিকে সম্মান জানাতেই আদালতের উচিত এ ধরনের আবেদন গ্রহণ না করা।
Popular Categories


