টানা ভারী বৃষ্টিতে গুজরাতের সুরাতে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। নদীর জল বেড়ে যাওয়ায় শহরের বহু রাস্তা, পাড়া ও আবাসন জলের নিচে চলে গিয়েছে। পানীয় জল ও খাবারের সংকট দেখা দেওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে। তিন দিন কেটে গেলেও কপোদ্রা, পান্ডেসারা ও প্রভাত পাটিয়ার মতো এলাকায় কোনও জনপ্রতিনিধিকে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
এই ক্ষোভ শনিবার প্রকাশ্যে আসে। কপোদ্রায় পরিস্থিতি দেখতে গেলে বিজেপির ৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হানসা গাজেরাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের প্রশ্ন, ভোটের সময় বাড়ি বাড়ি এলেও বিপদের সময় কেন দেখা মেলেনি? অনেকেই জানান, ঘরবাড়ি জলের তলায়, পানীয় জল পর্যন্ত নেই, অথচ সাহায্য পৌঁছয়নি।
কর্পোরেটর দ্রুত সহায়তার আশ্বাস দিলেও তাতে ক্ষোভ কমেনি। বাসিন্দারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, অবিলম্বে পানীয় জল ও জরুরি সাহায্যের ব্যবস্থা করতে হবে।
একই ছবি দেখা যায় পান্ডেসারার ২৮ নম্বর ওয়ার্ডেও। সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক মানু প্যাটেল। তিনি ট্র্যাক্টরে করে এলাকায় পৌঁছন। তখন বাসিন্দারা বলেন, ট্র্যাক্টরে বসে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে না, জলে নেমে মানুষের কষ্ট দেখুন।
বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত বিধায়ক ও প্রশাসনের কর্মকর্তারা ট্র্যাক্টর থেকে নেমে জল পেরিয়ে এলাকা ঘুরে দেখেন। তাঁদের ঘিরে স্লোগান দেন স্থানীয়রা। দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় থাকলেও দুর্যোগ মোকাবিলায় কেন এমন অবস্থা, সেই প্রশ্নও তুলেছেন বাসিন্দারা।


