রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ও দলবদলের আবহে বিজেপিকে সতর্ক থাকার বার্তা দিলেন দলের প্রবীণ নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর দাবি, তৃণমূলের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে যাতে সিপিএম নতুন করে জায়গা করে নিতে না পারে, সেদিকে বিজেপিকে নজর রাখতে হবে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তথাগত রায় লেখেন, “আজকে তৃণমূলের ইমপ্লোশনের ফলে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেখানে যেন সিপিএম ঢুকে না পড়ে সেদিকে বিজেপিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কমিউনিস্ট মানেই ভণ্ড, এই সরল কথাটা এখনও আমাদের, অর্থাৎ বাঙালি হিন্দুদের অনেকের মগজে ঢুকল না?”
উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে একাধিক নেতা ও জনপ্রতিনিধির দলত্যাগের ঘটনা ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক শিবিরে যোগদানের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তৃণমূলের দুর্বলতার আবহে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করছে সিপিএম। হকার উচ্ছেদ, বুলডোজার অভিযান-সহ একাধিক জনস্বার্থের ইস্যুতে বাম দলগুলিকে আন্দোলনে সক্রিয় হতে দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই বিজেপিকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তথাগত রায়।
একই পোস্টে তিনি সিপিএমের বিরুদ্ধে আরও কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের সমর্থন পেতে কমিউনিস্ট নেতারা নানা ধরনের রাজনৈতিক অবস্থান নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম উল্লেখ করে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তবে ওই মন্তব্যগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্টদের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের সংগঠনে ভাঙনের জেরে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের একটি অংশের রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ঘিরেও সেই আলোচনা নতুন করে জোর পেয়েছে। যদিও এই প্রবণতা রাজ্যজুড়ে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।


