৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই পুজো উদ্বোধন করলেন এলাকার সাফাই কর্মীরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
বর্তমানে দুর্গাপুজোগুলি সাধারণত নেতা-মন্ত্রী অথবা সেলিব্রিটিদেরই উদ্বোধন করতে দেখা যায়। সেই পথে না হেঁটে সমাজের কাছে নতুন কিছু বার্তা দিল বিধাননগর পুরনিগমের ২৭ নং ওয়ার্ডের থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। দুর্গাপুজো কমিটির উদ্যোগে সাফাই কর্মীদের দিয়ে পঞ্চমীর দিন উদ্বোধন করানো হয়। পুজোকে রাজনীতি মুক্ত রাখতেই এই পরিকল্পনা ছিল থাকদাঁড়ী দুর্গোৎসব কমিটির।
এই পুজো কমিটির সভাপতি বিভাস মণ্ডল বলেন, আমাদের সমাজে সাফাই কর্মীদের কাজটিকে অনেকেই ছোটো করে দেখেন। কিন্তু আমাদের মনে হয় এলাকাকে প্রতিনিয়ত সুন্দর করার দায়িত্ব পালন করে চলেছেন সাফাইকর্মীরা। আমাদের তরফ থেকে তাঁদের একটু সম্মান জানানোর জন্যই এই পদক্ষেপ।
কমিটির সম্পাদক দিব্যেন্দু বিশ্বাস জানান, আমাদের এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র এলাকার সাফাই কর্মীদের নয় বরং এই কাজের সাথে যুক্ত সমস্ত কর্মীদের সম্মান জানানো হয়েছে। গ্রামবাসীদের সহযোগিতায় এবং পুজো কমিটির প্রত্যেক সদস্যদের সাহায্যে আমরা সমাজের কাছে নতুন বার্তা দিতে সক্ষম হয়েছি।
পুজো উদ্বোধন করে খুশি সাফাইকর্মীরাও। তাঁদের মধ্যে একজন বলেন, আমাদেরকে দিয়ে মণ্ডপ উদ্বোধন করানো হবে ভাবতেই পারিনি। খুবই আনন্দ হয়েছে। এতো সম্মান পাব ভাবিনি। আমরাও এই গ্রামের ছেলে। পুজো কমিটির সকলকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ নেওয়ার জন্য।


