শ্রাবণের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় ফের বদল। শনিবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় সোমবার পর্যন্ত কোনও বিশেষ সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার এবং রবিবার অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ পাহাড় সংলগ্ন জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বুধবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।


