তুরস্কের মধ্যাঞ্চলীয় আনাতোলিয়া প্রদেশের কায়সেরি শহরে একটি নগর উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালীন প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মাদ্রাসার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই আবিষ্কারকে স্থানীয় প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তারা জানিয়েছে, মাদ্রাসাটিকে তার মূল নকশা ও ঐতিহ্য বজায় রেখে সংস্কার করা হবে।
‘সুরিচি কামিকেবির আরবান রিনিউয়াল প্রজেক্ট’-এর আওতায় খননকাজ চলার সময় কেবির মসজিদের দক্ষিণ পাশে এবং মালিক মেহমেদ গাজীর সমাধির কাছেই এই মাদ্রাসার চিহ্ন পাওয়া যায়। কায়সেরির মেয়র মামদুহ বুয়ুককিলিচ বলেন, এই আবিষ্কার তাদের জন্য বড় একটি চমক ছিল। তিনি জানান, এলাকাটি পরিষ্কার করার সময় পুরোনো দেয়াল ও স্থাপনার চিহ্ন চোখে পড়ে, যা একটি প্রাচীন ধর্মীয় শিক্ষা কেন্দ্রের অংশ ছিল।ইতিহাস অনুযায়ী, মালিক মেহমেদ গাজী ছিলেন দানিশমেন্দ রাজবংশের একজন শাসক এবং আনাতোলিয়ায় তুর্কি-ইসলামিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কায়সেরি শহর গড়ে ওঠার পেছনেও তাঁর বড় ভূমিকা রয়েছে। তাঁর নামেই কেবির মসজিদটি নির্মিত হয়, যা এখনো শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন।
মেয়র জানান, কায়সেরি পৌরসভা ও তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে মাদ্রাসার খনন ও সংস্কার কাজ করবে। গবেষণা ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সতর্কতার সঙ্গে কাজ করা হবে। সংস্কার শেষ হলে এটি পর্যটক ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


