গাজা শহরের আল-শিফা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগ মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি না থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, ফলে এই গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা বন্ধ রাখতে হয়েছে। এমনকি গাজা জুড়ে এখন আর কোনো হাসপাতালে ডায়ালাইসিস সেবা পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপকূলীয় অঞ্চলে মোট ৭২৮ জন কিডনি রোগী রয়েছে, যারা চারটি আলাদা কেন্দ্রে চিকিৎসা পেতেন। এক কিডনি রোগী ইমাদ কাসেম জানান, তিনি নিয়মিত ডায়ালাইসিসের জন্য এসেছিলেন হাসপাতালে কিন্তু এসে দেখতে পান পুরো বিভাগ বন্ধ।
মিডল ইস্ট আই – এর তথ্য অনুযায়ী, এখন অন্তত ৩৫০ কিডনি রোগীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়ার ইসরাইলের হামলার পর থেকে এখনো পর্যন্ত ৪০০’র বেশি কিডনি রোগী নিহত হয়েছেন।


