মালদায় ফের শুটআউট। তৃণমূল নেতার খুনের মূল সাক্ষী তৃণমূল কর্মী আতিকুল মোমিনকে (বয়স ৩৩) গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতে ইংরেজবাজার থানার কানাইপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে আতিকুল মোমিন বানিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইকে করে এসে দু’জন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ, তাদের মধ্যে একজন ছিল খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা মইনুল শেখের ছেলে শহিদ শেখ।
গুলিবিদ্ধ আতিকুলকে তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টিতে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনার মূল সাক্ষী ছিলেন আতিকুল মোমিন। তার দাবি, তার সামনেই খুন করা হয়েছিল আবুল কালামকে। সেই কারণেই তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আতিকুলের স্ত্রী লাকি বিবি বলেন, “আমার স্বামী ওই খুনের প্রধান সাক্ষী। ওকে সরাতে চেয়েছে ওরা।” অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।


