যুক্তরাষ্ট্রে এবারের ৪ই নভেম্বরের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সমর্থন দিয়েছেন। মুসলিম অধিকার সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস’ (সিএআইআর)-এর সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি সোমবার ,১০ নভেম্বর তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপ অনুযায়ী, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি মুসলিম ভোটারদের কাছ থেকে ৯৭ শতাংশ সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে ৯৫ শতাংশ মুসলিম ভোট লাভ করেন। শুধু মুসলিম প্রার্থীরাই নন, ডেমোক্র্যাটিক পার্টির অমুসলিম প্রার্থীরাও মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউ জার্সির মিকি শেরিল পেয়েছেন প্রায় ৮৫ শতাংশ মুসলিম ভোট।
এছাড়া ক্যালিফোর্নিয়ায় নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদনের প্রস্তাব ‘প্রস্তাব ৫০’এর পক্ষে মুসলিম ভোটারদের ৯০ শতাংশ ভোট পড়ে। সিএআইআরের বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ছিল আগের তুলনায় অনেক বেশি। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই ফলাফল প্রমাণ করে যে মার্কিন মুসলিমরা এখন গণতন্ত্রের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন এবং নিজেদের মত প্রকাশে আরও দৃঢ় হচ্ছেন। এবারে মুসলিম ভোটাররা ভয় না পেয়ে নিজেদের অধিকার প্রয়োগ করেছেন বলে জানা গিয়েছে। জরিপে আরও জানা যায়, এবারের নির্বাচনে মোট ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ৩৮ জন বিজয়ী হয়েছেন। বিশেষ করে মিশিগানের ডেট্রয়েট, হ্যামট্রামিক, ডিয়ারবর্ন ও ডিয়ারবর্ন হাইটসে মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। আগামী বছরের কংগ্রেস নির্বাচনে আরও কয়েকজন মুসলিম প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন আবদুল এল-সায়েদ, যিনি মিশিগান থেকে সিনেটের আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।


