যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। শুক্রবার ফের হামলার ঘটনায় প্রাণ হারালেন ১০ জন প্যালেস্টাইনি। নিহতদের মধ্যে রয়েছেন গাজ়ার এক শিক্ষা অধিকর্তা এবং তাঁর স্ত্রী। হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজ়িরা।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহত শিক্ষা আধিকারিকের নাম খালেদ আবু নাদা। তিনি গাজ়ার স্বশাসিত প্রশাসনের সহকারী শিক্ষা অধিকর্তা হিসেবে কাজ করতেন। একটি শরণার্থী শিবিরে তৈরি অস্থায়ী বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার সেই বাড়িটিকেই লক্ষ্য করে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে খালেদ, তাঁর স্ত্রী-সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই হামলার ফলে নতুন করে গাজ়ার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অক্টোবর ইজ়রায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হয়েছিল। চুক্তি অনুযায়ী, গাজ়ার কিছু এলাকা থেকে ইজ়রায়েলি সেনা সরিয়ে নেওয়ার কথাও ছিল। কিন্তু যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও সেখানে একের পর এক হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইজ়রায়েলি হামলায় ১,৪০০-র বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন।গাজ়ায় ত্রাণ ও পুনর্বাসনের কাজে যুক্ত ১০০-র বেশি সংগঠনও যুদ্ধবিরতির বাস্তব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের বক্তব্য, চুক্তি হলেও সাধারণ মানুষের উপর হামলা বন্ধ হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ মেনে চলার জন্য ইজ়রায়েল সরকারকে বাধ্য করতে আমেরিকা ও ইউরোপের দেশগুলি যথেষ্ট পদক্ষেপ করছে না বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।এদিকে, দীর্ঘদিনের সংঘর্ষে গাজ়ার মানুষের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন মানবিক সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়ের খোঁজে রয়েছেন। খাবারের অভাবে প্রায় ১৪ লক্ষ প্যালেস্টাইনি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।চিকিৎসা ব্যবস্থার অবস্থাও অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালগুলি বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। খাবার, পানীয় জল, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিদিনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গাজার বাসিন্দারা। এই পরিস্থিতিতে নতুন করে ইজ়রায়েলি হামলার ঘটনায় গাজ়ার মানবিক সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের ইজরায়েলি হামলা, শিক্ষা অধিকর্তা ও তাঁর স্ত্রী-সহ নিহত ১০ জন
Popular Categories


