ন্যূনতম ভাড়া নির্ধারণ ও আইন মেনে পরিষেবা চালানোর দাবিতে শনিবার দেশজুড়ে কর্মবিরতিতে শামিল হলেন অ্যাপ-ভিত্তিক ক্যাব ও ডেলিভারি গাড়ির চালকেরা। উবার, ওলা, র্যাপিডো-সহ একাধিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত চালকেরা রাস্তায় নামায় বিভিন্ন রাজ্যে পরিবহণ পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের ডাকে এই আন্দোলনে অংশ নেন লক্ষাধিক চালক। তেলেঙ্গানা, কর্নাটক, অসম, মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি—বিভিন্ন রাজ্যে পরিষেবায় প্রভাব পড়ে। রাজধানীতে জন্তর মন্তরে জমায়েত করে চালক সংগঠনগুলি।
চালকদের অভিযোগ, ২০২৫ সালের মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনে ন্যূনতম ভাড়া নির্ধারণের কথা থাকলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে সংস্থাগুলি কম ভাড়ায় চালকদের কাজ করতে বাধ্য করছে। সংগঠনগুলির দাবি, অবিলম্বে ন্যূনতম বেস ফেয়ার ঘোষণা ও বেআইনি বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
চালক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার দ্রুত আলোচনায় না বসলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটা হবে। এই কর্মবিরতি শুধু সতর্কবার্তা—দাবি না মানলে লড়াই আরও তীব্র হবে, স্পষ্ট ইঙ্গিত চালকদের।


