মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার সময় শতাধিক মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভোটাধিকার হারানোর আশঙ্কা বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও রকম পূর্ব নোটিস বা সঠিক যাচাই ছাড়াই বহু নাম মুছে ফেলা হয়েছে। অথচ যাদের নাম কাটা পড়েছে, তাদের অধিকাংশই বহু প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করছেন। গুধ পঞ্চায়েতে ৪৬ জন, বরহাড়িতে ৭৩ জন, রায়পুর কারচুলিয়ায় ১২৫ জন, রামনাইয়ে ৬২ জন এবং জুগনিহাইয়ে ৩৩ জনের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। ফর্ম-৭ আপত্তির মাধ্যমে এই নামগুলি কাটা হয়েছে বলে অভিযোগ, তবে অনেকেরই এ বিষয়ে কোনও সম্মতি বা প্রমাণ ছিল না।
মোট প্রায় ৫০০ জনের নাম বাদ পড়েছে বলে অনুমান করছেন এলাকাবাসী। গুধ পঞ্চায়েতের বাসিন্দা মহসিন আলি বলেন, “আমরা প্রজন্মের পর প্রজন্ম এখানে থাকি। হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য করা হচ্ছে বলে মনে হচ্ছে।” তারা জেলা কালেক্টর দপ্তরে গিয়ে দ্রুত নাম পুনরুদ্ধার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
রেওয়ার জেলা কালেক্টর প্রতিভা পাল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ফর্ম ৬, ৭ ও ৮ সংক্রান্ত কিছু অসঙ্গতি ধরা পড়েছে। খসড়া তালিকা নিয়ে আপত্তিগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন মেনে সমস্যার সমাধান করা হবে।
এদিকে রাজস্থান ও উত্তরপ্রদেশের কয়েকটি এলাকাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এভাবে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দিলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।


