জঙ্গলমহলের এক আদিবাসী পরিবারের জীবনে একসময় বড় ঘটনার মতো এসেছিল দেশের রাজনীতির কিছু পরিচিত মুখের আগমন। কিন্তু কয়েক বছর পর সেই স্মৃতি এখন শুধুই আক্ষেপে ভরা।
পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার একটি গ্রামে থাকেন ঝুনু সিং ও তাঁর পরিবার। তাঁদের ছোট মাটির বাড়িতে ২০২০ সালের ডিসেম্বর মাসে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় সহ আরও অনেকে। সেই দিন ঝুনুর বাড়িতে বিশেষভাবে রান্না করা হয়েছিল ভাত, ডাল, সবজি। মিষ্টি পর্যন্ত পরিবেশন করা হয়। অতিথিরা মাটির উঠোনে বসে খাবার খান। সেই দৃশ্যের ছবি তোলা হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। রাতারাতি ঝুনুর পরিবার পরিচিত হয়ে ওঠে।
তবে সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। বর্তমানে ঝুনু সিং বলেন, ওই ঘটনার পর আর কেউ তাঁদের খোঁজ নেননি। ঝুনুর সংসার এখনো কষ্টে চলে। দিনমজুরির কাজ করে কোনওরকমে জীবিকা নির্বাহ করেন।
এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। সিপিম ইতিমধ্যে বিজেপির তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করা হয়েছে। যদিও ভারতীয় জনতা পার্টি জানিয়েছে, ভোটের মানুষের আশীর্বাদই শেষ কথা। দিনের শেষে, একদিনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সেই পরিবার আজও জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।


