কলকাতা বন্দর কেন্দ্র ঘিরে বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি অবশেষে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। এই কেন্দ্রে দলের হয়ে লড়বেন রাকেশ সিং। কিছুদিন আগেই তিনি কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান। এরপর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় যে, তাঁকেই হয়তো প্রার্থী করা হবে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হল।
প্রার্থী ঘোষণার পর থেকেই রাকেশ সিং সক্রিয় হয়ে উঠেছেন। বুধবার সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ভোটের আগে সমর্থন জোগাড় করতে এই প্রচারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন রাকেশ। মৌলালিতে কংগ্রেসের কার্যালয়ে হামলা এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর ঘটনায় রাকেশ সিং-এর নাম উঠে আসে। এই ঘটনার পর তিনি দীর্ঘদিন সামনে আসেননি। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়।
গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে আরও কয়েকজন ঘনিষ্ঠকেও আটক করা হয়। তাঁর ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে তিনি মুক্তি পান। তবে রাকেশের জামিন তখন হয়নি।অবশেষে চলতি মাসের ৬ এপ্রিল আদালত রাকেশ সিং-কে জামিন দেয়। মঙ্গলবার তিনি জেল থেকে বেরিয়ে আসেন। কলকাতা বন্দর কেন্দ্রে রাকেশ সিং-কে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি।


