২৪ ঘণ্টার মধ্যে দু’বার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি ও বেঙ্গালুরু রুটের দুটি ভিন্ন বিমানে এই যান্ত্রিক বিভ্রাটের ঘটনা ঘটে। তবে পাইলটদের তৎপরতায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব যাত্রীই নিরাপদে রয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানে। নির্ধারিত সময়ে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎই রানওয়ের সঙ্গে বিমানটির পেছনের অংশ বা লেজ ঘষটে যায়। এর ফলে তীব্র ঝাঁকুনি তৈরি হলে বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে সফলভাবে অবতরণ করান এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতে একই রুটের আরেকটি বিমানে অগ্নিকাণ্ডের আতঙ্ক তৈরি হয়। বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার এআই২৮০২ বিমানের ইঞ্জিনে আগুন দেখা যায়। দিল্লির রানওয়েতে নামার কিছুক্ষণ আগে ককপিটের স্বয়ংক্রিয় যন্ত্রে ইঞ্জিনের আগুনের সতর্কবার্তা ভেসে ওঠে। পাইলটরা বিষয়টি নিশ্চিত করেই দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মেবামাত্রই অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনা হয়।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর সব যাত্রী এবং বিমানকর্মীকে কোনো ক্ষতি ছাড়াই বিমান থেকে বের করে আনা সম্ভব হয়েছে। পরপর দুটি দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিশেষজ্ঞ দল। ইঞ্জিনে কীভাবে আগুন লাগল এবং রানওয়েতে লেজ ঘষটে যাওয়ার পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


