সোনম ওয়াংচুককে যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপক। তিনি ঘোষণা করেছিলেন, এবার তিনিও অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। কিন্তু শনিবার সেই অনশন মঞ্চেই তাঁকে লক্ষ্য করে কালি ছোড়ার অভিযোগ উঠল।
ঘটনার পর কিছুক্ষণের জন্য যন্তর মন্তরে উত্তেজনা ছড়ায়। অভিজিতের অভিযোগ, এক মহিলা তাঁর দিকে কালি ছুড়ে দেন। পুলিশ ওই মহিলাকে আটক করেছে।
শিক্ষা ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেছিল সিজেপি। পরে ২৮ জুন থেকে ওয়াংচুকও একই দাবিতে অনশন শুরু করেন।
শনিবার ভোরে পুলিশ ওয়াংচুককে আন্দোলনস্থল থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, পুলিশি অভিযানের সময় পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল যাতে কোনও ছবি বা ভিডিয়ো করা না যায়। অভিজিতের দাবি, সেই সময় তাঁকেও মারধর করা হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন উপবাসের কারণে ওয়াংচুক দুর্বল হয়ে পড়েছেন এবং শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নিয়মিত নজরদারি ও চিকিৎসা প্রয়োজন বলেও জানানো হয়েছে।
দিল্লি পুলিশের দাবি, হাই কোর্টের নির্দেশ মেনেই ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত জানিয়েছিল, তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরই পুলিশ এই পদক্ষেপ নেয়।


