ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে আগামী দিনে সমস্যায় পড়তে পারেন দেশের সাধারণ মানুষ। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর তরফে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হবে। এরপর ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বরও ধর্মঘটের কর্মসূচি রয়েছে। এর পরেও যদি কর্মীদের দাবি নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেয়, তাহলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নগুলি।
UFBU-র আওতায় দেশের বিভিন্ন ধরনের ব্যাঙ্কের কর্মী সংগঠন রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি, বিদেশি, আঞ্চলিক গ্রামীণ এবং সমবায় ব্যাঙ্কও রয়েছে। ফলে ধর্মঘট শুরু হলে ব্যাঙ্কিং পরিষেবায় তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। টাকা তোলা, জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ-সহ একাধিক পরিষেবা ব্যাহত হতে পারে।
ব্যাঙ্ক কর্মীদের অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা। অর্থাৎ শনিবার ও রবিবার ছুটি দেওয়ার দাবি জানানো হয়েছে। ইউনিয়নের বক্তব্য, ২০২৪ সালেই পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর বিষয়ে ব্যাঙ্কগুলির তরফে সম্মতি দেওয়া হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহের পাঁচ কর্মদিবসে প্রতিদিন কাজের সময় কিছুটা বাড়ানো হবে। কিন্তু এখনও অর্থ মন্ত্রকের অনুমোদন না মেলায় বিষয়টি কার্যকর হয়নি বলে অভিযোগ কর্মী সংগঠনগুলির।
শুধু ছুটির বিষয় নয়, নতুন পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা PLI ব্যবস্থা নিয়েও আপত্তি রয়েছে ইউনিয়নগুলির। তাদের দাবি, নতুন নিয়ম চালুর আগে কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হয়নি। তাই এই ব্যবস্থা প্রত্যাহার করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং কর্মী সংগঠনগুলির মধ্যে চুক্তির ভিত্তিতে আগের PLI ব্যবস্থা চালু হয়েছিল। ব্যাঙ্কের সামগ্রিক লাভ ও কাজের ফলাফলের ভিত্তিতে কর্মী এবং বিভিন্ন স্তরের অফিসারদের ইনসেনটিভ দেওয়া হত। সেই ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ দিনের বেতন পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ ছিল।
কিন্তু ২০২৪ সালের নভেম্বরে অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা DFS নতুন নিয়মের কথা জানায়। সেখানে Scale IV থেকে Scale VII পর্যায়ের অফিসারদের ব্যক্তিগত কাজের ফলাফলকে ইনসেনটিভের অন্যতম ভিত্তি করা হয়েছে বলে ইউনিয়নের অভিযোগ। তাদের দাবি, নতুন ব্যবস্থায় কোনও কোনও অফিসার সর্বোচ্চ ৩৬৫ দিনের বেতন পর্যন্ত ইনসেনটিভ পেতে পারেন।
UFBU-র দাবি, প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মীর মধ্যে এই পর্যায়ের অফিসারের সংখ্যা মাত্র ৪০ হাজার। অর্থাৎ মোট কর্মীর প্রায় ৫ শতাংশ। অথচ নতুন ব্যবস্থায় তাঁদের জন্য অনেক বেশি ইনসেনটিভের সুযোগ রাখা হয়েছে। এই বৈষম্য দূর করে পুরনো অভিন্ন ব্যবস্থা বজায় রাখার দাবি জানিয়েছে ইউনিয়ন। দাবি পূরণ না হলে ধর্মঘট আরও দীর্ঘ হতে পারে বলেই সংগঠনগুলির তরফে স্পষ্ট করা হয়েছে।


