দলের দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে নতুন কর্মসূচির ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজীত দিপকে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচি হওয়ার কথা। জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে উপস্থিত হওয়ার জন্য তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মী-সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নিয়েছে সিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পতাকা নিয়ে মিছিল করে কনট প্লেসে পৌঁছবেন তাঁরা। দেশের পতাকার সম্মান রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।সম্প্রতি দিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচির জন্য নির্ধারিত স্থানগুলির তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই সিদ্ধান্তের ফলে সেখানে জমায়েত ও বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এই নির্দেশের পরেও মঙ্গলবার সিজেপির কয়েক জন কর্মী লোহার বাধা পেরিয়ে যন্তর মন্তরে ঢুকে পড়েন। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে তাঁরা জাতীয় পতাকা ওড়ান এবং দেশাত্মবোধক স্লোগান দেন।এর পর পুলিশ তাঁদের আটক করে এবং পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। আদালত তাঁদের পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বর্তমানে তাঁরা তিহাড় জেলে রয়েছেন।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিজীত দিপকে দাবি করেছেন, দেশের জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না। তাঁর মতে, পতাকার প্রতি সম্মান জানানো নাগরিকদের গর্বের বিষয়। সেই কারণে এই কাজের জন্য দলের দুই নেতাকে গ্রেফতার করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন তিনি।একটি ভিডিয়ো বার্তায় দিপকে দেশপ্রেমে বিশ্বাসী মানুষকে শুক্রবারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরেও একই ধরনের কর্মসূচি পালন করতে পারেন। তাঁর বক্তব্য, জাতীয় পতাকা দেশের গর্ব এবং সেটিকে সম্মান জানানো অপরাধ হিসেবে দেখা উচিত নয়।দিপকে আরও জানিয়েছেন, এই কর্মসূচির পর তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তবে তাতে তিনি পিছিয়ে আসবেন না বলেও জানিয়েছেন। দলের এই কর্মসূচিকে ঘিরে শুক্রবার দিল্লিতে কী পরিস্থিতি তৈরি হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
রাঙ্কা ও সৌরভের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার দিল্লিতে পথে নামছেন দিপকে, কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি
Popular Categories


