Tuesday, October 27, 2026
31 C
Kolkata

নভেম্বরেই হচ্ছে না কলকাতা-সহ ৭ পুরসভার ভোট, খসড়া ভোটার তালিকা তৈরিতে জটিলতা, নির্বাচন পিছিয়ে ডিসেম্বরে!

কলকাতা, হাওড়া-সহ রাজ্যের সাতটি পুরসভার ভোট নির্ধারিত সময়ে হচ্ছে না। নভেম্বরের বদলে ডিসেম্বর মাসে এই নির্বাচন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ভোটের আগে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ এখনও শেষ না হওয়ায় এই দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, নির্বাচন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেও গড়াতে পারে।

কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভায় একসঙ্গে ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ ভোটের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলেছে। আগে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড ছিল। নতুন বিন্যাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। ফলে অনেক ভোটারের ওয়ার্ড বদলে গিয়েছে। বেশ কিছু বুথের ক্ষেত্রেও পরিবর্তন আনতে হচ্ছে। এই সব তথ্য মিলিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করতে গিয়ে সময় লাগছে।

প্রশাসনিক সূত্রের খবর, পুরভোটের খসড়া ভোটার তালিকা তৈরির জন্য রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে ভোটারদের তথ্য সংগ্রহ করেছিল। প্রথমে ১ জুলাই পর্যন্ত তথ্য চাওয়া হয়। সেই তথ্য হাতে এলেও ওয়ার্ড ও বুথের পরিবর্তনের সঙ্গে মিলিয়ে তালিকা তৈরির কাজ সহজ হয়নি। কলকাতা পুরসভার প্রায় ৪,৫০০টি বুথের মধ্যে মাত্র ১০০টি বুথ ভাঙা হলেও বাকি তথ্য যাচাই এবং তালিকা সাজানোর কাজ সময়সাপেক্ষ হয়ে উঠেছে। পুজোর সময়েও এই কাজ চালিয়ে যেতে হয়েছে আধিকারিকদের।

এর পাশাপাশি বুথ স্তরের আধিকারিকদের উপর জনগণনা সংক্রান্ত কাজের চাপ রয়েছে। পুরভোটের জন্য তাঁদের দায়িত্ব ভাগ করে দেওয়ার কাজও এখনও পুরোপুরি শেষ হয়নি। কর্মীর অভাবের কারণে নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে দু’বার সময়সীমা বাড়ানো হলেও ৩ নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও বেশি ভোটারের নাম তালিকায় নিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশন ১ অক্টোবর পর্যন্ত ভোটারদের তথ্য চেয়ে পাঠিয়েছে। সেই তথ্য হাতে পেতে আরও কিছুটা সময় লাগবে। খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে আপত্তি এবং সংশোধনের আবেদন জানানোর জন্য অন্তত ১০ থেকে ১৫ দিন সময় দিতে হবে। এরপরই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব।

এই পরিস্থিতিতে ২ নভেম্বর ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কার্যত নেই। তবে ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম রাজ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার কলকাতা পুরসভার ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের। সেই বৈঠকে খসড়া ভোটার তালিকা এবং নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কী জানানো হয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories