আপনার নাগরিকত্বের প্রমাণ কী? অনেকেই নির্দ্বিধায় আধার কার্ড এগিয়ে দেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, ‘আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণ করে না।’
বিহারে ভোটার তালিকার ‘বিশেষ ও নিবিড় সমীক্ষা’ নিয়ে এক মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য উঠে আসে। বিচারপতি শুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন, ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় নথির তালিকা থেকে কেন আধার এবং ভোটার কার্ড বাদ দেওয়া হল?
জবাবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। তবে বিচারপতিরা বলেন, নাগরিকত্ব প্রমাণ করা নির্বাচন কমিশনের কাজ নয়, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব।
এই প্রসঙ্গে বিচারপতিরা মন্তব্য করেন, ‘কমিশনের উচিত ছিল অনেক আগেই এই সমীক্ষা শুরু করা’, কারণ ভোটের সময়ের এত কাছাকাছি এসে নথি জোগাড় করতে গিয়ে যদি ভুল হয়, তার মাশুল সাধারণ মানুষকেই দিতে হবে।
তবে সব দিক শুনে অবশেষে ‘কমিশনের ওপর আস্থা রাখে সুপ্রিম কোর্ট।’ তারা বিহারে সমীক্ষার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং বলে, পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও জটিল। সঠিক নিয়ম মেনেই কাজ করতে হবে।
এছাড়া, বিচারপতিরা ভোটার কার্ড, রেশন কার্ড ও আধার—তিনটাকেই পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। পরবর্তী শুনানি ২৮ জুলাই।


