ইস্তানবুলে আয়োজিত আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা ফের ভেস্তে গেল। এর পরেই পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তালিবান সরকার। আফগানিস্তানের ইসলামী আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান বারবার আলোচনাকে বাধাগ্রস্ত করছে এবং দায় ঝেড়ে ফেলছে আফগানিস্তানের উপর। তিনি স্পষ্ট বলেন, “আফগানরা যেন পাকিস্তানের ধৈর্য পরীক্ষা না নেয়।”
তালিবান সরকারের দাবি, তারা আলোচনায় সদিচ্ছা নিয়ে অংশ নিলেও পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ফলহীন হয়েছে বৈঠক। আফগান মন্ত্রী নূরুল্লাহ নূরী সতর্ক করেছেন, যুদ্ধ বাধলে আফগান যুবক ও বৃদ্ধ সকলে প্রতিরোধে নামবে।
অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, আলোচনার তৃতীয় দফা কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এবং চতুর্থ দফার পরিকল্পনাও নেই। ফলে আফগান-পাক সীমান্তে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


