আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। এআইইউডিএফ প্রধান ও সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল স্পষ্ট ঘোষণা করেছেন, তার দল রাজ্যের ৩০টি আসনে নিজস্ব প্রার্থী দেবে। কংগ্রেসের সঙ্গে জোট গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পরই তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন।
বুধবার এক সাংবাদিক বৈঠকে আজমল জানান, এআইইউডিএফ-এর মূল লড়াই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। তার অভিযোগ, উচ্ছেদের নামে রাজ্যে সংখ্যালঘু মানুষদেরকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে অত্যাচার চালানো হচ্ছে। আজমল বলেন, “আমরা বহুবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি উচ্ছেদ অভিযান বন্ধ করতে। কিন্তু তিনি কোনও কথাই শুনছেন না। বরং মুসলমানদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।”
এআইইউডিএফ প্রধান আরও দাবি করেন, এই পরিস্থিতিতে কংগ্রেসের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। তার মতে, কংগ্রেস প্রকাশ্যে বিরোধিতা না করে পরোক্ষভাবে বিজেপির এই নীতিকে সমর্থন করছে। আজমলের ভাষায়, এতে সাধারণ মানুষ বুঝে গেছেন যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে গোপন সমঝোতা রয়েছে এবং তারা মিলেই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে।
আজমল বলেন, এই পরিস্থিতির মোকাবিলায় এআইইউডিএফ সর্বশক্তি দিয়ে নির্বাচনের ময়দানে নামবে। আপাতত ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হিমন্ত বিশ্বশর্মা নিজেও বুঝে গেছেন যে তিনি এবার নির্বাচনে হারতে পারেন। তবে কংগ্রেস এখনও ঠিক করতে পারছে না, কীভাবে বিজেপিকে পরাজিত করা যায়। এই মন্তব্যের পর অসমের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


