২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াথি। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সম্প্রতি ঘোষণা করেছে, ‘ধাতব জৈব কাঠামো’ বিষয়ক গবেষণায় তাদের অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এই সাফল্যের সঙ্গে যুক্ত আছে ভারতের গর্বও। কারণ, নোবেলজয়ী বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়ার গবেষণা দলে দীর্ঘদিন কাজ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হেদায়েতুল্লা মীর। ২০১২ সালে ড. মীর জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক গবেষক হিসেবে কিতাগাওয়ার তত্ত্বাবধানে কাজ করেন। সেই সময় তারা যৌথভাবে একাধিক আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ করেন, যার মধ্যে ২০২২ সালেও একটি উল্লেখযোগ্য গবেষণা প্রকাশিত হয়।
ড. মীর বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি জানান, কিতাগাওয়ার সঙ্গে কাজ করার সময় বিজ্ঞানকে নতুনভাবে বুঝতে শিখেছেন। সেই অভিজ্ঞতা এখন তিনি নিজের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা এই বিজ্ঞানী বলেন, “কিতাগাওয়া স্যারের সঙ্গে কাজের অভিজ্ঞতা আজও আমাকে পথ দেখায়। আমার ছাত্রছাত্রীরা এই অর্জন থেকে অনুপ্রেরণা পাবে।”


