উত্তর ২৪ পরগনার আমডাঙার রায়পুর মোড়ে সম্প্রতি ২০২৬ সালের হজ ও ওমরাহ প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে। এই প্রশিক্ষণ পরিচালনা করছে মরহুম আইয়ুব আলি মল্লিক প্রতিষ্ঠিত আমডাঙা হজ প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্র, যা দীর্ঘ ১৯ বছর ধরে সফলভাবে কাজ করে চলেছে।
শিবিরের সম্পাদক আলহাজ্ব সেখ কাসেম আলি জানান, হজে যাওয়ার আগে সঠিকভাবে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি এবং তিনি আরও জানান যারা হজ ফর্ম পূরণ করেছেন বা এখনো করেননি, সকলেই এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার নিয়মিত এই প্রশিক্ষণ চলবে। প্রথম দিনেই প্রায় ২১ জন হাজী, পুরুষ ও মহিলা মিলে, উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ভাবে দেওয়া ভ্যাকসিন ও অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি ফ্লাইটের আগ মুহূর্ত পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ইতিমধ্যে প্রায় ৫,৫০০ জন হাজী ফর্ম পূরণ করেছেন বলে জানা গিয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জামাল ফারুক, হাজী আজিজুল হক, মাওলানা মোফাজ্জল হকসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


