মালদহের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা অম্লান চক্রবর্তী নিজের বাড়িতেই তৈরি করেছেন এক ছোট্ট ‘জাদুঘর’। পেশায় তিনি চেন্নাইয়ে মাইক্রোবায়োলজি গবেষক, তবে অবসর পেলেই ঐতিহাসিক জিনিসপত্র খুঁজে বেড়ান। কখনও ইংল্যান্ড, কখনও সিঙ্গাপুর বা মালয়েশিয়া—যেখানেই যান, সংগ্রহ করে আনেন সুলতানি, মুঘল ও ব্রিটিশ আমলের নানা মূল্যবান বস্তু।
অম্লানের সংগ্রহে রয়েছে মুঘল আমলের হাতির দাঁতের গয়নার বাক্স, সুলতানি আমলের চাঁদির মুদ্রা, ব্রিটিশ আমলের সোনার মুদ্রা, প্রাচীন কাঁচের ফুলদানি এবং ১৮৫ ধরনের বিদেশি মুদ্রা। পূর্বপুরুষদের থেকে অনুপ্রাণিত হয়ে ছোট থেকেই তাঁর এই নেশা। মালদহের ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, অম্লান দীর্ঘদিন ধরে এইসব সংগ্রহ করছেন এবং প্রতিবছর প্রদর্শনীও করেন। তাঁর বিশ্বাস, এই উদ্যোগ নতুন প্রজন্মকে ইতিহাসের প্রতি আগ্রহী করে তুলবে।


