বাঁকুড়ার ২ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় বাসিন্দা কার্তিক দে নিজের চোখে দেখলেন, ভোটার লিস্টে তার নামের পাশে লেখা “ডিলিটেড”, অর্থাৎ তিনি মৃত। অথচ কার্তিক দে দিব্যি কাজ করছেন, চলাফেরা করছেন, কথা বলছেন। হঠাৎ এমন তথ্য সামনে আসায় হতভম্ব তিনি নিজেই। কার্তিক দে জানান, ভোটার তালিকা আপডেট করার সময় তার পরিবারের সকলের এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হলেও, তার নিজের নামের কোনো ফর্ম তিনি পাননি। পরে এলাকার ব্লক লেভেল অফিসারের (বি.এল.ও) সঙ্গে কথা বলেই জানতে পারেন, তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন কার্তিক দে আশঙ্কা করছেন, তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না এবং সরকারি নানা সুবিধা থেকেও বঞ্চিত হবেন।
এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে বলেন, “আমরা আগেই বলেছিলাম এস.আই.আর. প্রক্রিয়ায় বহু গড়বড় হবে। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে ইচ্ছে করেই।” তিনি জানান, কার্তিক দে গত বছরও ভোট দিয়েছেন, তাই এই ভুল কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটির পর অনেকেই বলছেন, যদি জীবিত ব্যক্তির নামই ভোটার তালিকা থেকে মুছে যায়, তাহলে আরও অনেকের ক্ষেত্রেই একই ভুলের আশঙ্কা থেকেই যায়।


