রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটকে পড়েছেন উত্তর দিনাজপুরের ইটাহারের কয়েকজন শ্রমিক। এই ঘটনা ঘিরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলার শ্রমিকদের এভাবে হেনস্থা মেনে নেওয়া যায় না।
ইটাহারের বিশাহার ও মারনাই গ্রামের কয়েকজন যুবক কাজের জন্য রাজস্থানে গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আটক হওয়ায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক শ্রমিকদের পরিবারের দাবি, তাদের ছেলেরা বৈধ পরিচয়পত্র নিয়ে বাইরে গেছেন, তবুও পুলিশ তাদের আটক করে বাংলাদেশি সন্দেহে।
জানা গিয়েছে, মারনাই গ্রামের এক বাসিন্দা বাহারুন বেওয়ার ছেলে রাজস্থানে কাজ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়। তিনি জানান, শুধু তার ছেলে নয়, গ্রামের আরও অনেক যুবক জীবিকার জন্য বাইরে কাজ করতে গেছেন এবং তারাও ঠিক একই ভাবে আটক হন।
অন্যদিকে এই ঘটনার যেরে তৃণমূল পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবির জানান, কাজ না থাকায় গ্রাম থেকে বহু ছেলেই বাইরে যাচ্ছেন। তবে এই বিষয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, আটক যুবকদের কাগজপত্রে গরমিল ছিল। বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, বৈধ কাগজ থাকলে কেউ আটক হবে না। তবে বাংলার পরিবেশে এখন সারা দেশে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


