Friday, October 23, 2026
31 C
Kolkata

মহিলা মোর্চার নেত্রী করার টোপ, মোবাইলের গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে!

মহিলা মোর্চার নেত্রী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা বিজেপি কর্মীকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল দলেরই এক নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের তমলুকের এই ঘটনায় অভিযুক্ত হলেন হলদিয়ার বিজেপি নেতা গৌতম দাস। অভিযোগ, মোবাইলের নিয়ন্ত্রণ হাতে নিয়ে ওই মহিলার ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট এবং গোপন ছবি দেখিয়ে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। ইতিমধ্যেই তমলুক সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত গৌতম দাস হলদিয়ার ভবানীপুর থানার গেঁওয়াডাব এলাকার বাসিন্দা। তিনি বিজেপির হলদিয়া-৪ নম্বর মণ্ডলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। অভিযোগকারী মহিলার বাড়ি তমলুক থানার শ্রীরামপুর এলাকায়। তিনিও বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। দলের মহিলা মোর্চায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ইচ্ছা থেকেই গৌতমের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল বলে খবর।অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে দু’জনের পরিচয় হয়। এরপর ওই মহিলার ফোন নম্বর সংগ্রহ করেন গৌতম। মাঝেমধ্যেই ফোনে তাঁদের কথা হত। গত ২৫ সেপ্টেম্বর ফেসবুক মেসেঞ্জারে ওই মহিলাকে একটি প্রস্তাব দেন অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের পুরনো মন্দিরগুলির দেখভালের জন্য একটি কমিটি তৈরি করা হবে এবং সেখানে তাঁকে সদস্য করা হবে বলে জানান তিনি। পাশাপাশি মহিলা মোর্চার নেত্রী করে দেওয়ার আশ্বাসও দেন বলে অভিযোগ।এরপর কমিটির সদস্যপদে নাম নথিভুক্ত করার অজুহাতে ওই মহিলার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়। অভিযোগ, সেই নম্বর শেয়ার করার পরই তাঁর ফোনের ব্যক্তিগত তথ্যের উপর নিয়ন্ত্রণ পেয়ে যান গৌতম। পরে মহিলার হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট তাঁর কাছেই পাঠাতে শুরু করেন অভিযুক্ত। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরপর এমন ঘটনা ঘটায় সন্দেহ হয় তাঁর। শেষ পর্যন্ত মোবাইলের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন ওই মহিলা।এরপর গত ১৫ অক্টোবর তমলুক সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা। তদন্তের স্বার্থে অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করারও আবেদন করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৮ ও ৭৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিজেপির হলদিয়া-৪ নম্বর মণ্ডলের সভাপতি কেশব দাস জানিয়েছেন, গৌতম দাসকে ইতিমধ্যেই মণ্ডল কমিটির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়ে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি গৌতম। অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Related Articles

Popular Categories