উত্তরপ্রদেশের বাদাউন জেলায় এক ব্যতিক্রমী ঘটনা কেড়েছে সবার নজর। সদ্য বিবাহিত খুশবু নামের এক মহিলা, বিয়ের মাত্র কয়েকদিন পরেই নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। গত ১৭ মে, খুশবু বিয়ে করেন সুনীল নামের এক যুবককে। বিয়ের পর নয় দিন শ্বশুরবাড়িতে ছিলেন এবং পরে অষ্টমঙ্গলার নিয়মে বাপের বাড়ি ফেরেন। সেখান থেকেই তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে জানা গিয়েছে।
স্ত্রী নিখোঁজ হওয়ার পর তার স্বামী সুনীল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কয়েকদিন পর খুশবু নিজেই থানায় হাজির হয়ে স্পষ্টভাবে জানান, তিনি স্বামীর সঙ্গে থাকতে চান না। প্রেমিকের সঙ্গেই থাকতে চান। স্বামী সুনীলও একে সহজভাবে মেনে নেন। সুনীল বলেন, “ভালই হয়েছে, আমি রঘুবংশী রাজার মতো আরেকটি দুঃখের গল্প হওয়া থেকে বেঁচে গেছি।”
এই ঘটনার পর, থানায় দুই পরিবার বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করে। বিয়ের সময় দেওয়া গয়না ও অন্যান্য জিনিসপত্র খুশবু ফেরত দেন সুনীলকে। কেউই আইনি পদক্ষেপ নেয়নি এমনটাই জানা গিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র সিং বলেন, “উভয় পক্ষই পারস্পরিক সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি করেছে। কনে তার প্রেমিকের সঙ্গে চলে গেছেন, আর বর ফিরে গেছেন নিজ বাড়ি।” এই ঘটনাটি এলাকার মানুষকে অবাক করলেও, পুরো বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা হওয়ায় অনেকেই প্রশংসা করেছেন।


