দেশের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা বাড়তে থাকায় তীব্র উদ্বেগ প্রকাশ করল ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)। বড়দিনের মরশুমে একের পর এক হামলার খবরে গভীর ক্ষোভ জানিয়ে এই ঘটনাগুলিকে চরম নিন্দনীয় বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিশেষ করে মধ্যপ্রদেশের জবলপুরে পরপর দু’টি ঘটনার প্রসঙ্গ তুলে ধরেছে সিবিসিআই।
সিবিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, প্রার্থনায় মগ্ন মানুষ, শান্তিপূর্ণ ক্যারল গায়ক কিংবা গির্জায় জড়ো হওয়া সাধারণ মানুষদের উপর এই ধরনের আক্রমণ ভারতের সংবিধান স্বীকৃত ধর্মাচরণের স্বাধীনতা এবং নির্ভয়ে বেঁচে থাকার অধিকারের পরিপন্থী। এই ধরনের লক্ষ্যভিত্তিক হামলা দেশের সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) মধ্যপ্রদেশের জবলপুর শহরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় হঠাৎই একদল লোক ঢুকে পড়ে। তারা বলপূর্বক ধর্মান্তরের অভিযোগ তোলে। তবে প্রার্থনা সভার আয়োজকদের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) একই শহরের গোরখপুর এলাকায় একটি গির্জায় প্রার্থনা চলাকালীন হামলার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ভিডিওতে দেখা যায়, দৃষ্টিহীন এক মহিলা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। সেই সময় তাকে প্রকাশ্যে হেনস্থা করা হয়। এই ঘটনার পর রাজ্যজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। সিবিসিআই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ, দোষীদের শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।


