ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনের মধ্যেই বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। একইসঙ্গে দিল্লি পুলিশও জানিয়েছে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ১৩টি মামলা আর এগিয়ে নিয়ে যেতে তারা আগ্রহী নয়। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তার আগেই কেন্দ্রের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে তিনি মামলাটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন করেন। মেহতা জানান, বিষয়টি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে আদালতের বিশেষ ক্ষমতা ব্যবহার করে এফআইআরগুলি বাতিল করার আবেদন জানানো হবে। প্রধান বিচারপতি বলেন, আবেদন করা যেতে পারে। সব পক্ষ সমঝোতায় পৌঁছতে চাইলে আদালতের কোনও আপত্তি নেই।
এর আগে ২০ জুলাই সিজেপির সংসদ অভিযানে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছিল। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দিল্লি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও ব্যাপক চাপ তৈরি হয়। পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ ছাড়তে হয় বলে দাবি করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।
এরপর ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। তবে সংগঠনের অন্যতম শর্ত ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা তুলে নিতে হবে। অভিযোগ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তাই ফের আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা করা হয়। ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিলের কর্মসূচি ঠিক করা হয়েছে।
এই মিছিল বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, মিছিলে অপ্রীতিকর ঘটনা ঘটবেই, এমন আশঙ্কা করার মতো যথেষ্ট ভিত্তি আদালতের সামনে নেই।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলন সংক্রান্ত ১৩টি এফআইআর তারা প্রত্যাহার করতে চায়। তবে যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের পুরনো রেকর্ড রয়েছে এবং আন্দোলনস্থলে তাঁদের উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে, তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হবে বলে হলফনামায় জানানো হয়েছে।
সিজেপি সংগঠনের নেতা অভিজিৎ দিপকে ইতিমধ্যেই বি আর আম্বেদকরের একটি বই হাতে ছবি পোস্ট করেছেন। মুখপাত্র সৌরভ দাসও সানগ্লাস পরে ছবি দিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে এবার আন্দোলনের পরবর্তী গতিপথের দিকে নজর রাজনৈতিক মহলের।


