আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিত হবে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলের মাধ্যমে। শাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে শুরু করে দিয়েছে প্রচারমূলক কর্মসূচি। মূলত SIR, ওয়াকফ, পরিযায়ী শ্রমিকদের নৃপীড়নসহ বেশকিছু ইসুকে হাতিয়ার করছে বিরোধী দলগুলি। স্বভাবসিদ্ধ ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতারচ্যুত করতে মরিয়া বিরোধীরা। এমন রাজনৈতিক আবহে আপাতত নিজেদের মাথা থেকে ‘শূন্যে’-র কলঙ্ক মুছতে মরিয়া সিপিএম।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে এই বৈঠক হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’জনের মধ্যে আলোচনা চলে। বৈঠক শেষে হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সিপিএম এবং আইএসএফ-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে আগ্রহী। এই বিষয় নিয়েই তাঁর সঙ্গে মহম্মদ সেলিমের কথা হয়েছে।
হুমায়ুন আরও বলেন, আইএসএফ-এর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চালানোর দায়িত্ব তিনি সিপিএমের উপরই ছেড়ে দিয়েছেন। তবে কংগ্রেসকে নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তাঁর মতে, কংগ্রেস এখন সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। অন্যদিকে, মহম্মদ সেলিম এই বৈঠক নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। তিনি বলেন, হুমায়ুন কবীর বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। অবশেষে বুধবার তাঁদের দেখা হয়। হুমায়ুনের ভাবনাচিন্তা তিনি শুনেছেন এবং তা দলের নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন সেলিম। হুমায়ুনের দলের ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেলিম বলেন, মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও আগের কিছু বক্তব্য নিয়ে আলোচনা হওয়া দরকার। সব মিলিয়ে, এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত জোট হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।


